এই লেখায় যা আছে
ফেসবুকে এখন অনেক বিজ্ঞাপনে দেখা যায়, একটা স্থির ছবি হঠাৎ নড়ে ওঠে: মডেল ঘুরে দাঁড়ায়, কাপড় বাতাসে দোলে। এটা “Image to Video” AI-এর কাজ। ছোট অনলাইন দোকান থেকে কনটেন্ট ক্রিয়েটর, অনেকেই এটা ফ্রিতে করতে চান। প্রশ্ন হলো, ফ্রিতে আসলে কতটা হয়?

ফ্রি প্ল্যানে কোন টুল কী দেয়
নিচের তথ্য DataCamp-এর ২০২৬ সালের তুলনা থেকে নেওয়া। এসব টুলের ফ্রি সুবিধা প্রায়ই বদলায়, তাই ব্যবহারের আগে অফিসিয়াল ওয়েবসাইটে দেখে নিন।
| টুল | ফ্রিতে যা পাবেন | ভিডিওর দৈর্ঘ্য ও মান | ওয়াটারমার্ক |
|---|---|---|---|
| Kling AI | লগইন করলে ক্রেডিট পাওয়া যায়, নির্দিষ্ট মাসিক সংখ্যা নেই | প্রায় ৫ সেকেন্ড | আছে |
| Pika | মাসে ৮০ ক্রেডিট | প্রায় ৫ সেকেন্ড, সর্বোচ্চ 480p | আছে |
| Hailuo AI | একবারের ট্রায়াল ক্রেডিট, মাসে নতুন করে আসে না | প্রায় ১০ সেকেন্ড পর্যন্ত | আছে |
| Runway | একবারের ১২৫ ক্রেডিট, নতুন করে আসে না | ৫–১০ সেকেন্ড, সর্বোচ্চ 720p | আছে |
| Gemini | আমাদের ফ্রি অ্যাকাউন্টে ভিডিও বানায়নি, আপগ্রেড চেয়েছে | পেইড প্ল্যানে | প্রযোজ্য না |
সংক্ষেপে: নিয়মিত ফ্রিতে শেখার জন্য Kling আর Pika ভালো, কারণ ক্রেডিট আবার আসে। Hailuo আর Runway-তে একবার চেষ্টা করে দেখা যায়। তবে প্রায় সব টুলের ফ্রি ভিডিওতেই ওয়াটারমার্ক থাকে।
ওয়াটারমার্ক কেন বড় বিষয়
ওয়াটারমার্ক মানে ভিডিওর কোণে টুলের নাম বা লোগো। শেখা বা নিজের মজার জন্য এতে সমস্যা নেই। কিন্তু দোকানের বিজ্ঞাপনে অন্য কোম্পানির লোগো থাকলে পেশাদার লাগে না। আর ওয়াটারমার্ক কেটে বা ঢেকে বাদ দেওয়া সাধারণত টুলগুলোর ব্যবহারের নিয়মের বিরুদ্ধে। তাই বিজ্ঞাপনের জন্য হয় এক মাসের পেইড প্ল্যান নিন, নয়তো ফ্রি ভিডিও শুধু শেখা আর পরীক্ষার কাজে ব্যবহার করুন।
আরও পড়ুনWindows Paint নাকি Remove.bg — ফ্রিতে ছবির ব্যাকগ্রাউন্ড মুছতে কোনটা ভালো?→ভালো ফল পেতে ৩টা নিয়ম
১. ছবিতে যা আছে, শুধু সেটাই নড়াতে বলুন
ছবিতে মানুষ না থাকলে “লোকটা ঘুরে দাঁড়াবে” লিখলে AI নিজে থেকে একজন মানুষ বানাতে গিয়ে অদ্ভুত ফল দেয়। শুধু প্রোডাক্টের ছবি হলে ক্যামেরার নড়াচড়া চান, যেমন ধীরে কাছে আসা বা চারপাশে ঘোরা। মডেলসহ ভিডিও চাইলে আগে মডেল পরা অবস্থার ছবি লাগবে।
২. প্রম্পট ছোট আর নির্দিষ্ট রাখুন
এই টুলগুলো সাধারণত ইংরেজি নির্দেশ ভালো বোঝে। একটা উদাহরণ:
Slow camera push-in towards the hoodie, soft fabric movement, warm evening light, realistic, 5 seconds. Keep the print and colors exactly the same.
শেষ বাক্যটা জরুরি: ডিজাইন আর রং বদলাতে নিষেধ করা। নির্দেশ লেখার আরও কৌশল পাবেন ভালো প্রম্পট লেখার ৭ নিয়মে।
৩. ফলাফল আসলের সাথে মিলিয়ে নিন
AI প্রায়ই ছোট ছোট জিনিস বদলে ফেলে: প্রিন্টের লেখা, বোতামের সংখ্যা, কাপড়ের রং। বিক্রির বিজ্ঞাপনে এমন ভুল থাকলে ক্রেতা যা দেখে তা পায় না, পরে অভিযোগ আসে। ভিডিওর প্রতিটা অংশ আসল প্রোডাক্টের সাথে মিলিয়ে তবেই পোস্ট করুন। AI-এর এ ধরনের ভুল ধরার উপায় আছে AI-এর ভুল ধরার চেকলিস্টে।
যা করবেন না
- অন্যের ছবি দিয়ে ভিডিও না: কোনো পরিচিত মানুষ বা সেলিব্রিটির ছবি তার অনুমতি ছাড়া নড়াচড়া করানো বা বিজ্ঞাপনে ব্যবহার করবেন না।
- AI ভিডিওকে আসল বলে চালাবেন না: Facebook আর Instagram বাস্তব দেখতে AI কনটেন্টে অনেক সময় “AI info” লেবেল দেখায়। পোস্টের সময় লেবেলের অপশন এলে চালু রাখুন।
- ব্যক্তিগত ছবি সাবধানে: নিজের বা পরিবারের ছবি আপলোডের আগে ভাবুন। কোন তথ্য AI-কে দেওয়া ঠিক না, তা পড়ুন AI-কে কোন ৮টা তথ্য কখনো দেবেন না লেখায়।
ছোট দোকানের জন্য আমাদের পরামর্শ
AI ভিডিও শেখার জন্য দারুণ, আর পেইড প্ল্যানে বিজ্ঞাপনেও কাজে আসে। তবে ক্রেতার বিশ্বাস জেতার সবচেয়ে সস্তা উপায় এখনো আসল ভিডিও: একজন বন্ধুকে প্রোডাক্ট পরিয়ে বিকেলের আলোয় মোবাইলে ৪-৫টা ছোট শট। ক্রেতা ঠিক সেই জিনিসটাই দেখছে যা সে পাবে। ফেসবুক পেজের পুরো সপ্তাহের পোস্ট সাজাতে দেখুন AI দিয়ে এক সপ্তাহের পোস্ট প্ল্যান।
পরের লেখাঅনলাইন দোকানের ফেসবুক পোস্ট: Gemini নাকি ChatGPT? একই টি-শার্টে দুটোর পরীক্ষাপড়ুন →



