হোম › ব্লগ › হাতে-কলমে

Microsoft Copilot দিয়ে চাকরির Cover Letter লিখলাম — নির্ভুল, তবে একটু বেশি ‘সাধারণ’

✍️ মোঃ মাহিম হাসান হৃদয় · 📅 ২০ অক্টোবর, ২০২৬ · ⏱ ৮ মিনিট পড়া

HSC পাস নতুন চাকরিপ্রার্থীর জন্য ফ্রি Microsoft Copilot দিয়ে Office Assistant পদের ইংরেজি Cover Letter লেখা, ১৫০ শব্দে ছোট করা আর বাংলা অর্থ বের করার বাস্তব পরীক্ষা — স্ক্রিনশটসহ।

CV-র সাথে একটা ছোট আবেদনপত্র বা Cover Letter দিলে নিয়োগকর্তার কাছে আপনি আলাদা হয়ে ওঠেন। কিন্তু ইংরেজিতে গুছিয়ে লেখা অনেকের কাছেই কঠিন। আমাদের CV আর ChatGPT বনাম Gemini পরীক্ষার পর এবার আমরা নতুন একটা ফ্রি টুল চেষ্টা করলাম — Microsoft Copilot। প্রার্থী সেই একই: HSC পাস, অভিজ্ঞতা নেই।

📌 পরীক্ষার পরিস্থিতি: টুল — Microsoft Copilot (ফ্রি, "Auto" মোড) · কাল্পনিক প্রতিষ্ঠান — "ABC Trading Ltd." · পদ — Office Assistant · নির্দেশ — ২টি · সময় — ৫ মিনিটের কম · তারিখ — অক্টোবর ২০২৬

ধাপ ১: এবার নির্দেশে সব তথ্য আগেই দিলাম

আগের পরীক্ষাগুলোয় আমরা ছোট নির্দেশ দিয়েছিলাম, আর ChatGPT ও Gemini দুটোই ভুল পদ ধরে নিয়েছিল। তাই এবার প্রথম বার্তাতেই সব বলে দিয়েছি — শিক্ষা, GPA, দক্ষতা, অভিজ্ঞতা নেই, প্রতিষ্ঠানের নাম আর পদের নাম:

Microsoft Copilot-কে দেওয়া বিস্তারিত বাংলা নির্দেশ ও Cover Letter-এর শুরু
বাংলায় বিস্তারিত নির্দেশ; Copilot চিঠির ওপরে প্রার্থী আর প্রতিষ্ঠানের ঠিকানার জায়গাও রেখেছে

Copilot ঠিক একটা আনুষ্ঠানিক চিঠির কাঠামো দিয়েছে — ওপরে প্রার্থীর নাম-ঠিকানা-ফোন-ইমেইল আর তারিখের জায়গা, তারপর প্রাপক (Hiring Manager, ABC Trading Ltd.), এরপর বিষয় (Subject)।

ধাপ ২: চিঠির মূল অংশ — তথ্য নির্ভুল

Copilot-এর লেখা Cover Letter-এর মূল অংশ
চার অনুচ্ছেদের চিঠি — আমাদের দেওয়া প্রতিটি তথ্য সঠিকভাবে বসানো

এটা আমাদের পরীক্ষায় এখন পর্যন্ত সবচেয়ে নির্ভুল ফলাফল:

তবে আমাদের মনে হয়েছে, পার্থক্যটা টুলের চেয়েও বেশি নির্দেশের। এবার আমরা পদের নাম স্পষ্ট বলেছি, তাই ভুল হয়নি। আগের পরীক্ষাগুলোর শিক্ষা এখানে কাজে লেগেছে।

দুর্বলতা: সবার চিঠির মতো শোনায়

চিঠিটা নির্ভুল, কিন্তু খুবই চেনা ধাঁচের। "I am writing to express my interest…", "hardworking, sincere", "quick learner", "work well both independently and as part of a team" — এই লাইনগুলো হাজার হাজার আবেদনপত্রে হুবহু থাকে। নিয়োগকর্তা দিনে অনেক চিঠি পড়েন; এগুলো তাঁর চোখে আলাদা কিছু মনে হবে না।

আরও একটা বিষয়: আমরা শুধু বলেছিলাম Word, Excel, PowerPoint "পারি"। Copilot সেটাকে বাড়িয়ে লিখেছে — "preparing documents, maintaining records, entering data, and creating presentations efficiently"। এগুলো সত্যি হলে ভালো, কিন্তু না পারলে ইন্টারভিউতে প্রশ্নের মুখে পড়বেন।

💡 আলাদা হওয়ার সহজ উপায়: AI-এর চিঠিতে নিজের একটা সত্যিকারের উদাহরণ যোগ করুন — যেমন "কলেজে Excel-এ ক্লাসের ফলাফলের তালিকা বানিয়েছি" বা "পারিবারিক দোকানের হিসাব রাখতে সাহায্য করি"। একটা বাস্তব লাইন দশটা সাধারণ বিশেষণের চেয়ে বেশি কাজ করে।

Copilot-এর একটা সুবিধা: পরের ধাপের বোতাম

Copilot-এর দেওয়া পরবর্তী পদক্ষেপের সাজেশন বোতাম
চিঠির নিচে ক্লিক করার মতো সাজেশন — ছোট করা, আত্মবিশ্বাসী সুর, ইমেইলে পাঠানোর ফরম্যাট

চিঠির পর Copilot তিনটা বোতাম দিয়েছে: Make the letter more concise (আরও ছোট করো), Use a more confident tone (আরও আত্মবিশ্বাসী সুর), Format it for email application (ইমেইলে পাঠানোর ফরম্যাট)। কী জিজ্ঞেস করতে হবে বুঝতে না পারলে এগুলো খুব কাজের। মজার ব্যাপার, পরে আমরা বাংলায় প্রশ্ন করার পর বোতামগুলোও বাংলায় এসেছে।

ধাপ ৩: ১৫০ শব্দে ছোট করা + বাংলা অর্থ

এরপর লিখলাম: "এটা আরও ছোট করো, ১৫০ শব্দের মধ্যে, আর বাংলায় এর অর্থটাও বুঝিয়ে দাও"

Copilot-এর ছোট করা Cover Letter
ছোট সংস্করণ — মূল তথ্য অক্ষত, বাড়তি বিশেষণ কমেছে

আমরা নিজেরা গুনে দেখেছি — বিষয় থেকে স্বাক্ষর পর্যন্ত ১৩০ শব্দ, অর্থাৎ ১৫০-এর সীমার মধ্যেই। ছোট করতে গিয়ে কোনো জরুরি তথ্য বাদ পড়েনি, বরং "maintaining records, entering data…"-এর মতো বাড়িয়ে লেখা অংশ সরে গেছে। শেষে সরাসরি ইন্টারভিউয়ের সুযোগ চাওয়া হয়েছে, যা আগের চেয়ে স্পষ্ট।

একটা জিনিস খেয়াল রাখবেন: ছোট সংস্করণে ওপরের নাম-ঠিকানা-তারিখ আর প্রতিষ্ঠানের ঠিকানার অংশ বাদ গেছে। ইমেইলে পাঠালে সমস্যা নেই, কিন্তু কাগজে ছাপিয়ে দিলে ওই অংশ আগের সংস্করণ থেকে যোগ করে নিন।

Cover Letter-এর বাংলা অর্থ
চিঠির সহজ বাংলা অর্থ — জমা দেওয়ার আগে কী লিখছেন তা বুঝে নিতে কাজের

বাংলা অর্থটা হুবহু অনুবাদ নয়, বরং সহজ ভাষায় সারমর্ম। যাদের ইংরেজি দুর্বল, তাদের জন্য এটা খুব জরুরি — নিজের নামে যে চিঠি জমা দিচ্ছেন, তার প্রতিটা কথা আপনাকে বুঝতে হবে, কারণ ইন্টারভিউতে সেখান থেকেই প্রশ্ন আসবে।

জমা দেওয়ার আগে চেকলিস্ট

  1. সব [বন্ধনী] পূরণ করেছেন? [Your Name], [Company Address], [Insert Date] — একটাও যেন না থাকে।
  2. প্রতিষ্ঠান ও পদের নাম বিজ্ঞপ্তির সাথে হুবহু মেলে তো?
  3. দক্ষতা সত্যি তো? যা পারেন না, তা মুছে দিন।
  4. নিজের একটা বাস্তব উদাহরণ যোগ করেছেন?
  5. GPA-র স্কেল: বিদেশি বা বহুজাতিক প্রতিষ্ঠানে আবেদন করলে "GPA 4.00 (out of 5.00)" লিখুন, নাহলে তারা ৪-এর মধ্যে ৪ ভাবতে পারে।
  6. বাংলা অর্থ পড়ে নিয়েছেন? চিঠির প্রতিটা দাবি ব্যাখ্যা করতে পারবেন তো?

শেষ কথা

Microsoft Copilot দিয়ে কয়েক মিনিটেই একটা নির্ভুল, আনুষ্ঠানিক ইংরেজি Cover Letter পাওয়া গেছে — পদের নাম আর তথ্যে কোনো ভুল ছাড়া, আর শব্দসীমাও মেনেছে। বাংলা অর্থ আর পরের ধাপের বোতাম নতুনদের জন্য বাড়তি সুবিধা। কিন্তু চিঠিটা এতটাই "নিরাপদ" যে আলাদা করে চোখে পড়বে না। AI-এর খসড়া নিন, তারপর তাতে নিজের একটা সত্যিকারের গল্প জুড়ে দিন — সেটাই আপনার চিঠিকে অন্যদের থেকে আলাদা করবে।

মা
মোঃ মাহিম হাসান হৃদয়
AI Tools Bangla-এর প্রতিষ্ঠাতা। নিজে টুলগুলো ব্যবহার করে সহজ বাংলায় অভিজ্ঞতা লিখি। আরও জানুন · ভুল চোখে পড়লে জানান।