হোম › ব্লগ › সম্পূর্ণ গাইড

ছবি আর ডিজাইনে AI: লোগো, থাম্বনেইল আর ব্যাকগ্রাউন্ড মোছার সম্পূর্ণ গাইড

✍️ মোঃ মাহিম হাসান হৃদয় · 📅 ২৬ অক্টোবর, ২০২৬ · ⏱ ৯ মিনিট পড়া

Gemini দিয়ে লোগো, ChatGPT দিয়ে থাম্বনেইল, Remove.bg আর Windows Paint দিয়ে ব্যাকগ্রাউন্ড মোছা: চারটা হাতে-কলমে পরীক্ষা থেকে কোনটা কোথায় ভালো, কোথায় সাবধান।

বিজ্ঞাপন

ছবি আর ডিজাইনের কাজে AI নিয়ে আমরা চারটা আলাদা পরীক্ষা করেছি: Gemini দিয়ে লোগো, ChatGPT দিয়ে YouTube থাম্বনেইল, আর একই ছবির ব্যাকগ্রাউন্ড মুছেছি Remove.bg ও Windows 11-এর Paint দিয়ে। প্রতিটা পরীক্ষার পুরো বিবরণ আলাদা আর্টিকেলে আছে। এই গাইডে সব একসাথে: কোন কাজে কোন টুল, আর প্রতিটায় কোথায় চোখ রাখতে হবে।

চারটা টুলের সারসংক্ষেপ
এক নজরে চার পরীক্ষার ফল

এক নজরে তুলনা

কাজটুলযা ভালো হয়েছেযেখানে সমস্যা
লোগোGeminiবাংলা ট্যাগলাইন নির্ভুল; রং বদলালে ডিজাইন ঠিক থাকেআইকনে “A” নেই; ৩২/১৬ পিক্সেলে পড়া যায় না; স্বচ্ছ ফাইল নয়, কাগজে মকআপ
থাম্বনেইলChatGPTযুক্তাক্ষরসহ বাংলা লেখা নিখুঁত; ১৬:৯ মাপ; এডিট একদম নির্দিষ্টনিজে থেকে ChatGPT লোগো, “100% ফ্রি” দাবি আর AI-বানানো মানুষ বসিয়েছে
ব্যাকগ্রাউন্ড মোছাRemove.bgচার্জারের কয়েলের ভেতর পর্যন্ত প্রায় নিখুঁত কাটিংফ্রি ডাউনলোড মাত্র ৪৩৩×৫৭৭; জালি ও স্বচ্ছ জিনিসে আলো রয়ে যায়
ব্যাকগ্রাউন্ড মোছাWindows Paintপুরো মাপ (৯৬০×১২৮০), ফ্রি, ইন্টারনেট ছাড়াপ্লাগের পিন কেটেছে, তার ভেঙেছে; সেভ করা PNG স্বচ্ছ নয়, সাদা

১. লোগো: Gemini

Gemini বাংলা ট্যাগলাইন ঠিকঠাক লিখেছে, আর নীল-বেগুনি রঙে বদলাতে বললে বাকি ডিজাইন অক্ষত রেখেছে। কিন্তু “AI Tools Bangla”-র আইকনে “B” আর “T” থাকলেও “A” ছিল না। “লেখা আরও পরিষ্কার করো” নির্দেশ মানেনি। সবচেয়ে বড় কথা, ছোট মাপে লোগোটা অচল।

বিভিন্ন মাপে Gemini-র লোগো
ফেভিকন বা প্রোফাইল ছবির মাপে (৩২ ও ১৬ পিক্সেল) লোগো আর পড়া যায় না
করণীয়: AI-র লোগোকে খসড়া আইডিয়া হিসেবে নিন। ছোট মাপে পরীক্ষা করুন, আর আসল ব্যবহারের জন্য Canva বা ডিজাইনারের হাতে পরিষ্কার, স্বচ্ছ ব্যাকগ্রাউন্ডের ফাইল বানিয়ে নিন।

পুরো পরীক্ষা: Gemini দিয়ে লোগো বানানো

২. থাম্বনেইল: ChatGPT

বাংলা লেখায় ChatGPT এই চারটার মধ্যে সেরা: যুক্তাক্ষরও ভাঙেনি, ছবি এসেছে ১৬৭২×৯৪০ (১৬:৯)। এডিট করতে বললে শুধু বলা অংশটুকুই বদলেছে। তবে না বলতেই সে থাম্বনেইলে ChatGPT-র লোগো, “100% ফ্রি” লেখা আর একজন AI-বানানো মানুষ বসিয়েছিল। এগুলো মুছতে হয়েছে, আর মোছার পর কিছু ফাঁকা জায়গা রয়ে গেছে।

এডিটের পর চূড়ান্ত থাম্বনেইল
এডিটের পর: অপ্রয়োজনীয় লোগো আর দাবি সরানো হয়েছে
করণীয়: প্রম্পটেই লিখে দিন “কোনো ব্র্যান্ডের লোগো, মানুষের মুখ বা অতিরিক্ত দাবি দেবে না”। ফল পাওয়ার পর প্রতিটা লেখা আর ছোট উপাদান নিজে মিলিয়ে দেখুন, কারণ অন্যের লোগো বা ভুল দাবি আপনার চ্যানেলের সমস্যা করতে পারে।

পুরো পরীক্ষা: ChatGPT দিয়ে YouTube থাম্বনেইল

৩. ব্যাকগ্রাউন্ড মোছা: Remove.bg

একটা চার্জারের ছবিতে Remove.bg তারের প্যাঁচের ভেতরের ফাঁকও পরিষ্কার করে কেটেছে। কিন্তু কলমদানির জালি আর স্বচ্ছ নলে পেছনের আলো রয়ে গেছে। আর ফ্রিতে ছবি নামে মাত্র ৪৩৩×৫৭৭ মাপে, যেখানে আসল ছবি ছিল ৯৬০×১২৮০।

Remove.bg দিয়ে কাটা চার্জার
Remove.bg: চার্জারের কাটিং প্রায় নিখুঁত
জেনে রাখুন: Remove.bg জানিয়েছে, ১ ডিসেম্বর ২০২৬ থেকে সাইটটা বন্ধ হয়ে Canva-তে চলে যাবে। তাই নিয়মিত ব্যবহারের জন্য বিকল্প হাতে রাখুন।

পুরো পরীক্ষা: Remove.bg দিয়ে ব্যাকগ্রাউন্ড মোছা

৪. ব্যাকগ্রাউন্ড মোছা: Windows 11 Paint

Paint-এর সুবিধা হলো পুরো মাপ, পুরো ফ্রি, ইন্টারনেট লাগে না। কিন্তু একই চার্জারে সে প্লাগের একটা পিন কেটে ফেলেছে, তার মাঝখানে ভেঙেছে, কিনারায় কালো ছায়া রেখেছে। কলমদানিতে ফল প্রায় Remove.bg-র সমান। একটা বড় ফাঁদ: সেভ করা PNG-তে একটাও স্বচ্ছ পিক্সেল ছিল না, পেছনটা সাদা।

Paint-এ কাটা প্লাগ জুম করে
Paint: প্লাগের পিন কেটে গেছে, কিনারায় কালো ছায়া
করণীয়: Paint-এর বোতামটা শুধু একটা আইকন, লেখা নেই; ছবি বাছাই করার পর ওপরের টুলবারে খুঁজুন। কাজ শেষে ফাইলটা অন্য রঙের ব্যাকগ্রাউন্ডে বসিয়ে দেখে নিন সত্যিই স্বচ্ছ হয়েছে কি না।

পুরো পরীক্ষা: Paint বনাম Remove.bg

কোন কাজে কোনটা নেবেন

চার পরীক্ষার সাধারণ শিক্ষা

  1. AI যা বলেননি তাও যোগ করে। লোগো, দাবি, মানুষের মুখ: সবকিছু চোখ দিয়ে মিলিয়ে নিন।
  2. ছোট মাপে আর জুম করে দেখুন। বড় পর্দায় ঠিক দেখালেও ১৬ পিক্সেলে বা কিনারায় ভুল ধরা পড়ে।
  3. ফাইলের মাপ আর ধরন যাচাই করুন। ছবি কত বড়, ব্যাকগ্রাউন্ড আসলে স্বচ্ছ কি না, ডাউনলোডের পর দেখুন।
  4. AI খসড়া দেয়, শেষ ছোঁয়া আপনার। চূড়ান্ত কাজে নিজের চোখ আর ছোটখাটো এডিট লাগবেই।

লেখালেখি আর চাকরির কাজে AI কেমন করল, দেখুন AI দিয়ে চাকরি খোঁজার সম্পূর্ণ গাইড।

বিজ্ঞাপন
মোঃ মাহিম হাসান হৃদয়
মোঃ মাহিম হাসান হৃদয়
AI Tools Bangla-এর প্রতিষ্ঠাতা। নিজে টুলগুলো ব্যবহার করে সহজ বাংলায় অভিজ্ঞতা লিখি। আরও জানুন · ভুল চোখে পড়লে জানান।